অপূর্ব বর্মন বামনগোলা: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার সকালে মালদার বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে বিডিও অফিস চত্বরে যোগাভ্যাস ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেন বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায়।
এদিনের অনুষ্ঠানে ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক, কর্মী ও এলাকার বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। যোগ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন ও প্রণায়াম অনুশীলন করেন। পাশাপাশি নিয়মিত যোগচর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার গুরুত্ব সম্পর্কেও সচেতন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ ও নানা শারীরিক সমস্যার মোকাবিলায় যোগ একটি কার্যকর উপায়। নিয়মিত যোগাভ্যাস মানুষের শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মনকে প্রশান্ত ও একাগ্র করে তোলে।
ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন অব্যাহত থাকবে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এই উদ্যোগকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যেও উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।