হাতানিয়া দোহানিয়া ব্রিজে গাড়ি-বাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত, ১ আশঙ্কা জনক ১।
নামখানার হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। মঙ্গলবার আনুমানিক দুপুর পৌনে একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।ওপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপ থেকে বকখালিগামী দুটি বাইকে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা একটি অনিয়ন্ত্রিত বোলেরো গাড়ি। একটি বাইকে এক দম্পতি এবং অপর বাইকটিতে একাকী এক চালক ছিলেন। ব্রিজের নামখানা প্রান্তে মুখোমুখি সংঘর্ষের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা।
অভিঘাত এতটাই তীব্র ছিল যে একাকী থাকা বাইক আরোহী ব্রিজের ওপর থেকে ছিটকে নিচে রাস্তার ওপর গিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত দ্বারিকানগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায়, মৃতের নাম শংকর মাইতি (৪৮)। তিনি নামখানার চন্দনপিড়ির বাসিন্দা।
অন্যদিকে, আহত দম্পতির মধ্যে আশঙ্কাজনক অবস্থায় স্বামীকে স্থানান্তরিত করা হয়েছে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। স্ত্রী সামান্য আঘাত পেয়েছেন। খবর পেয়ে নামখানা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে আটক করে। ঘটনার তদন্ত চলছে।