গঙ্গায় প্রায় ২ লক্ষ মাছের চারা ছাড়লেন মন্ত্রী উমেশ রাই। নদীর দূষণ রোধ করে গঙ্গাকে বাঁচাতে ও মাছের সংখ্যা বাড়িয়ে মৎস্যজীবীদের সাহায্য করতে কেন্দ্রীয় প্রকল্প ‘মৎস্য সঞ্চার কর্মসূচি’ এবার রাজ্যে। হাওড়ায় গঙ্গার ঘাটগুলি থেকে ছাড়া হল লক্ষ-লক্ষ মাছের চারা। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই, জেলাশাসক পি দীপাপ্রিয়া-সহ জেলা প্রশাসন এবং রাজ্য মৎস্যজীবী সমবায় ফেডারেশন লিমিটেডের আধিকারিকেরা। শুক্রবার মৎস্য সঞ্চার কর্মসূচি নিয়ে মন্ত্রী উমেশ বলেন, ‘‘বিগত সরকার মৎস্যজীবীদের জন্য কিছুই করেনি। এখন পিএম-কিসান নিধি যোজনায় মৎস্যজীবীদের অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।’’ তিনি জানান, মৎস্যজীবীদের স্বার্থরক্ষা এবং হুগলি নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে নদীতে মাছের চারা ছাড়া হয়েছে। জেলার মৎস্য দপ্তর সূত্রে খবর, এদিন মূলত রুই ও কাতলা মাছের চারা গঙ্গায় ছাড়া হয়। হ্যাচারি থেকে এই মাছের চারা নিয়ে এসে গঙ্গায় ছাড়া হয়েছে। এই মাছগুলি গঙ্গায় বড় হলে মৎস্যজীবীরা তা ধরতে পারবেন।
Amta 2, Howrah | Nov 6, 2026