ঘোকসাডাঙা পুলিশের অভিযানে ১১.৪১৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই মহিলা
ঘোকসাডাঙা: ঘোকসাডাঙা থানার পুলিশের অভিযানে ১১ কেজি ৪১৪ গ্রাম গাঁজা উদ্ধার হল। এই ঘটনায় মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানা এলাকার বাসিন্দা দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম আকুমা বেওয়া (৫০) ও বানেরা বিবি (৫০)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার মাথাভাঙা-২ ব্লকের হিন্দুস্থান মোড় এলাকায় বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল ঘোকসাডাঙা থানার পুলিশ। সেই সময় একটি অটোতে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে মোট ১১.৪১৪ কেজি গাঁজা উদ্ধার হয় বলে পুলিশের দাবি। ঘটনায় অটোতে থাকা মুর্শিদাবাদ জেলার বেলডাঙা এলাকার দুই মহিলাকে গাঁজা সহ গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং এর পিছনে কোনও মাদক পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Mathabhanga 2, Cooch Behar | Oct 15, 2026