ঘোকসাডাঙা থানায় ১১২ জরুরি পরিষেবার গাড়ির শুভ উদ্বোধন, আজ থেকেই শুরু পরিষেবা
ঘোকসাডাঙা: জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি পরিষেবা পৌঁছে দিতে ঘোকসাডাঙা থানায় নতুন ১১২ এমার্জেন্সি রেসপন্স ভেহিকল (ইআরভি)-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হল। বৃহস্পতিবার এই পরিষেবার সূচনা হয়। উপস্থিত ছিলেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাশ, মাথাভাঙার এসডিপিও, ঘোকসাডাঙা থানার ওসি-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। আনুষ্ঠানিক ফ্ল্যাগ-অফের মাধ্যমে গাড়িটির পরিষেবা চালু করা হয়।
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হওয়া এই জরুরি পরিষেবার মাধ্যমে এবার থেকে প্রয়োজনের সময় দ্রুত পুলিশি সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। আজ থেকেই নতুন গাড়িটি জরুরি পরিষেবার কাজে নিয়োজিত হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনো এবং সাধারণ মানুষের কাছে পুলিশি সহায়তা পৌঁছে দেওয়াই এই পরিষেবার অন্যতম উদ্দেশ্য। ঘোকসাডাঙা থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় নতুন এই গাড়িটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।