পুজোর নিরাপত্তায় পুলিশকর্মীদের কড়া নির্দেশ, ঘোকসাডাঙায় দমকলের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ
ঘোকসাডাঙা: দুর্গাপুজোয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকর্মীদের দায়িত্ব পালনে বিশেষ গুরুত্ব দিল ঘোকসাডাঙা থানা। পুজোর ডিউটি নিয়ে পুলিশকর্মীদের নির্দেশ দেওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দমকলের উদ্যোগে আয়োজন করা হল অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও প্রদর্শনী। বৃহস্পতিবার ঘোকসাডাঙা থানায় এই দুই কর্মসূচি হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙার অ্যাডিশনাল এসপি মানবেন্দ্র দাশ, এসডিপিও, ঘোকসাডাঙা থানার ওসি-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। টেম্পোরারি হোমগার্ড (THG), সিভিক ভলান্টিয়ার্স এবং থানার পুলিশকর্মীদের নিয়ে পুজোর নিরাপত্তা ও ডিউটি সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। নাইট ডিউটিতে সতর্ক থাকা, নির্ধারিত ইউনিফর্ম পরে দায়িত্ব পালন এবং ডিউটিতে গাফিলতি এড়ানোর বিষয়ে কর্মীদের নির্দেশ দেন অ্যাডিশনাল এসপি। পুজোর দিনগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রত্যেককে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ দেওয়া হয়।
অন্যদিকে, অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করার লক্ষ্যে দমকলের পক্ষ থেকে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ ও প্রদর্শনীর আয়োজন করা হয়। দুর্গাপুজো কমিটির প্রতিনিধি ও পুলিশকর্মীদের অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার এবং আগুন লাগলে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, তা হাতে-কলমে দেখানো হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিশিগঞ্জ ফায়ার স্টেশনের ওসি সুবীর মণ্ডল, টিম লিডার এসআই মহম্মদ আরাফাত হক এবং এসআই নরেশচন্দ্র বর্মন। পুজোর সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং জরুরি অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির উপর জোর দেওয়া হয়।
পুজোর দিনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি বাড়াতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।