গদাই কর্মকার মালদা : বিজেপির সাংসদ, মন্ত্রী ও বিধায়কদের সংবর্ধনা দিলো মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স। মঙ্গলবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকার বাণিজ্য ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন ও ‘বন্দে মাতরম’ গানের মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, রাজ্যের প্রতিমন্ত্রী তথা হবিবপুরের বিধায়ক জয়েল মুর্মু, বিধানসভার মুখ্য সচেতন ও ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ী, মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল, মালদার বিধায়ক গোপালচন্দ্র সাহা, বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার, গাজোলের বিধায়ক চিনময়দেব বর্মন, চেম্বারের সভাপতি অসিত কুমার সাহা, সম্পাদক উত্তম বসাক, কোষাধ্যক্ষ বিমলচন্দ্র দাস-সহ অন্যান্য ব্যবসায়ীরা। চেম্বারের ১৮৭টি শাখা সংগঠনের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া, স্মারক ও উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়।
সভায় জেলার ব্যবসায়ীদের স্বার্থে রাস্তাঘাটের উন্নয়ন, নিরাপত্তা এবং সর্বোপরি মালদায় বিমান পরিষেবা চালুর দাবি জোরালোভাবে তুলে ধরা হয়। পাশাপাশি মালদার আম, রেশম, মাখনা-সহ স্থানীয় পণ্যের শিল্পোন্নয়ন ও পর্যটন বিকাশের বিষয়েও দাবি জানানো হয়। সাংসদ ও বিধায়করা জানান, বিধানসভার বাজেটে মালদার বিমানবন্দরের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। প্রথম পর্যায়ে ছোট বিমান পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। এছাড়া চাত্রা বিল সংরক্ষণ, জলনিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং মহানন্দাসহ বিভিন্ন নদীর সংস্কারের আশ্বাস দেন সংসদ ও বিধায়করা ।