পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে খুন এক বিবাহিত যুবক। ঘটনায় উত্তেজনা গোটা এলাকায়। জানা গেছে আমতলী থানার অন্তর্গত কাঁঠালতলী এলাকার সমীর দাসের সাথে বিবাদ চলছিল একই এলাকার স্বপন সূত্রধর ওরফে সপ্পার। সেই শত্রুতার জেরে সোমবার গভীর রাতে সমীর দাস তার নিজের স্কুটি নিয়ে বাড়িতে আসার পথে কাঠালতলী শনি মন্দিরের সামনে অভিযুক্ত স্বপন সূত্রধর সমীর দাসকে স্কুটি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই প্রাণ হারায় সমীর দাস। ঘটনার পর অভিযুক্ত স্বপন সূত্রধর পালিয়ে যায়। পরে স্থানীয়রা সমীর দাসের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে তার পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা ছুটে আসে। খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস সহ বিশাল নিরাপত্তা বাহিনী নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় ফরেন্সিক টিম ও ডগ স্কোয়ার্ডকে। ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে। মঙ্গলবার সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়তি নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করা হয় এলাকায়। সোমবার রাতেই স্বপন দাসের রক্তাক্ত দেহ ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়। তবে পুলিশ অভিযুক্ত স্বপন সূত্রধরকে জালে তুলতে মাঠে নেমেছে। এই ঘটনায় সমীর দাসের পরিবার সহ গোটা এলাকাবাসী অভিযুক্ত স্বপন সূত্রধরের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে।
Amarpur, Gomati | Jun 23, 2026