গদাই কর্মকার মালদা : শুক্রবার রাতে রামনগর কাচারি বাইপাস সেতু সংলগ্ন সিনিয়র সিটিজেন দ্বারা পরিচালিত সংকটমোচন বজরংবলি মন্দিরে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই মন্দিরে ঢুকে হনুমানের মূর্তি এবং বেশ কিছু পুজোর সামগ্রী ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এরপর আরও আজব কাণ্ড ঘটায় ওই ব্যক্তি। মন্দিরের নাটমন্দিরে হনুমান চালিশা লেখা একটি ফ্লেক্সের উপর শুয়ে পড়ে সে।
ঘটনায় রামনগর কাচারি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। যদিও আটক ব্যক্তির নাম ও পরিচয় রাত পর্যন্ত জানা যায়নি। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় ছিল।
মন্দিরে এমন ঘটনায় আতঙ্কিত মন্দিরের সিনিয়র সিটিজেন কমিটির সদস্যরাও। কমিটির সক্রিয় সদস্য মলয় পাল ও অধীর বোস জানান, আচমকা মন্দিরে তাণ্ডবের ঘটনায় আতঙ্কিত তারা।
English Bazar, Maldah | Sep 12, 2026