হাঁসপুকুর গ্রামে মহিলাদের উদ্যোগে প্রথম দুর্গাপুজো, ১০৮টি ঘট ভরার মধ্য দিয়ে শুভ সূচনা
অপূর্ব বর্মন বামনগোলা, মালদা: মহিলাদের উদ্যোগে প্রথমবার দুর্গাপুজোর আয়োজনকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল মালদার বামনগোলা ব্লকের জগতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাঁসপুকুর গ্রামে। এতদিন এই গ্রামে দুর্গাপুজোর আয়োজন না হলেও, এবছর মাতা মনমোহিনী সেবা সমিতির উদ্যোগে প্রথমবার শুরু হলো শারদীয় দুর্গোৎসব। নতুন এই উদ্যোগকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
দুর্গাপুজোর শুভ সূচনা উপলক্ষে এদিন ১০৮টি ঘট ভরার আয়োজন করা হয়। এই উপলক্ষে গ্রামের মহিলারা হলুদ শাড়ি পরে মাথায় ঘট নিয়ে ঢাক-ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। এরপর হাড়িয়া নদী থেকে জল সংগ্রহ করে পুজোর আনুষ্ঠানিকতা শুরু হয়। মহিলাদের এই বর্ণাঢ্য ঘটযাত্রাকে কেন্দ্র করে গোটা গ্রামজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
প্রথমবার দুর্গাপুজোর আয়োজন হওয়ায় হাঁসপুকুর গ্রামের বাসিন্দাদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। মহিলাদের এই উদ্যোগে গ্রামের শারদোৎসবে যুক্ত হয়েছে এক নতুন মাত্রা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এই পুজো গ্রামবাসীদের মধ্যে সম্প্রীতি ও মিলনের বার্তা ছড়িয়ে দিচ্ছে। মহিলাদের সম্মিলিত উদ্যোগে শুরু হওয়া এই দুর্গাপুজো ঘিরে এখন আনন্দে মাতোয়ারা হাঁসপুকুর গ্রাম।