ত্রিপুরায় আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমায় অনুষ্ঠিত হলো সর্বদলীয় বৈঠক। বৃহস্পতিবার সাব্রুম মহকুমা প্রশাসনের উদ্যোগে এসডিএম অফিসের কনফারেন্স হলে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তাবিত পোলিং স্টেশন সংক্রান্ত খসড়া তালিকা। প্রস্তাবিত পোলিং স্টেশনগুলির বিষয়ে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের মতামত ও আপত্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সর্বদলীয় এই বৈঠকে কংগ্রেস, বিজেপি এবং সিপিআই(এম)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণ করেন সাব্রুমের এসডিএম সুমন রক্ষিত, সাব্রুম নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার মনোজিৎ দেববর্মা এবং ইলেকশন ইন্সপেক্টর মোমিতা মগ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত পোলিং স্টেশন নিয়ে কোনো রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট পক্ষের আপত্তি থাকলে তা আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে জানাতে হবে। সেই অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে আপত্তি বা মতামত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।