জিবি হাসপাতালে মোবাইল ব্যবহার নিয়ে নতুন নির্দেশ, ছবি-ভিডিওতেও নিষেধাজ্ঞা; প্রশ্ন রোগীর পরিজনদের
আগরতলা: জিবি হাসপাতাল চত্বরে মোবাইল ফোনের ব্যবহার, ছবি তোলা ও ভিডিও করার ক্ষেত্রে নতুন নির্দেশ জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন রোগী ও তাঁদের পরিজনদের একাংশ।
জানা গেছে, সম্প্রতি জিবি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগের পর হাসপাতাল চত্বরে রোগী, তাঁদের পরিজন এবং সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে হাসপাতালের ভেতরে ছবি তোলা কিংবা ভিডিও করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।
তবে এই নির্দেশ ঘিরে আপত্তি তুলছেন রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের একাংশ। তাঁদের বক্তব্য, বর্তমানে হাসপাতালের বিভিন্ন পরিষেবা গ্রহণের ক্ষেত্রে মোবাইল ফোন গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। হাসপাতালে চিকিৎসার জন্য আসার পর রোগীর নাম নথিভুক্ত করা, বিভিন্ন তথ্য সংগ্রহ করা কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য মোবাইল ফোনের প্রয়োজন হয়। ফলে হাসপাতালের ভেতরে মোবাইল ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকলে জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ কীভাবে যোগাযোগ করবেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।
রোগীর পরিজনদের আরও বক্তব্য, হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখা এবং রোগীদের গোপনীয়তা রক্ষার জন্য ছবি বা ভিডিও ধারণের ক্ষেত্রে নিয়ম থাকতে পারে। তবে মোবাইল ফোন সঙ্গে রাখা বা জরুরি প্রয়োজনে ব্যবহারের সুযোগ সম্পূর্ণভাবে বন্ধ করা হলে সাধারণ রোগী ও তাঁদের পরিবার সমস্যায় পড়তে পারেন। তাই এ ক্ষেত্রে স্পষ্ট নির্দেশিকা থাকা প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।
অন্যদিকে, জিবি হাসপাতাল চত্বরে সম্প্রতি উদ্বোধন হওয়া ‘ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার’ নিয়েও প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার উদ্যোগে উদ্বোধন হওয়া এই পরিষেবা চালু হওয়ার পর বেশ কিছুদিন কেটে গেলেও এখনও পুরোপুরি পরিষেবা শুরু হয়নি বলে অভিযোগ উঠেছে।
হাসপাতালে মোবাইল ব্যবহারের নতুন নির্দেশ এবং ‘ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার’-এর পরিষেবা চালু হওয়া নিয়ে ওঠা প্রশ্নের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।