মালদাঃ কোটি কোটি টাকা উদ্ধারে এবার মালদহ , তৃণমূল ঘনিষ্ঠ পিন্টু সরকার নামে এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে প্রায় ২.৫ কোটি টাকা উদ্ধার
তৃণমূল ঘনিষ্ঠ এক ঔষধ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করল পুরাতন মালদা থানার পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে ৫০ পেটি কাফ সিরাপও।
রবিবার রাতে পুরাতন মালদা পুরসভার চৌরঙ্গি মোড় এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যবসায়ীকে।
জানা গেছে গত ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রিপাড়ায় অভিযান
চালিয়ে প্রায় ১,৫০০ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছিল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছিল চার জনকে। তাঁদের জেরা করেই এই ব্যবসায়ীর নাম সামনে আসে। তার পরেই এ দিন রাতে মালদার মঙ্গলবাড়িতে তার ফ্ল্যাটে শুরু হয় অভিযান।
ফ্ল্যাটে তল্লাশির সময় আলমারি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। নোট গোনার জন্য কাউন্টিং মেশিন আনতে হয়। কাফ সিরাপ পাচারচক্রের আর্থিক লেনদেনের সঙ্গে এই টাকার যোগ থাকতে পারে বলে পুলিশের অনুমান। ধৃতকে জেরা করে পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যবসায়ী পিন্টু সরকারের আদি বাড়ি মালদার নবাবগঞ্জে। ওষুধের ব্যবসার জন্য তিনি চৌরঙ্গি মোড়ের একটি বহুতল আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। এ দিন সেখানেই হানা দেয় পুরাতন মালদা থানার পুলিশ। সেই সময়ে ফ্ল্যাটেই ছিলেন পিন্টু। জানা গিয়েছে, তাঁকে সঙ্গে নিয়েই তল্লাশি শুরু হয়। আলমারি খুলতেই বেরিয়ে পড়ে থরে থরে সাজানো নোট। সঙ্গে সঙ্গে আনানো হয় টাকা গোনার মেশিন।এখনও পর্যন্ত প্রায় ২.৫ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এর পরেই পিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর ফ্ল্যাটের একাধিক ঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ পেটি কাফ সিরাপও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, ওষুধ ব্যবসায়ী পিন্টুই কাফ সিরাপ চক্রের অন্যতম পান্ডা। সেই আর্থিক লেনদেনের সূত্রেই বিপুল পরিমাণ নগদ টাকার হদিশ মিলেছে বলেও দাবি তদন্তকারীদের। ধৃতকে জেরা পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।
এ বিষয়ে বহুতলের মালিক দিলীপ সাহা জানান,পিন্টুকে তিনি ওষুধ ব্যবসায়ী হিসেবেই চিনতেন । তিনি বলেন, ‘ওষুধ ব্যবসায়ী হিসেবেই ফ্ল্যাট ভাড়া দিয়েছিলাম। এর বেশি কিছু জানি না।’