বিজেপির বরাবাজার ব্লকের ধেলাতবামু গ্রাম পঞ্চায়েতের ৪৩ নম্বর বুথের সভাপতি নির্মল মাহাতোর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। গত ১৮ই জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই অকালমৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয় নেতা-কর্মী ও সমর্থক থেকে শুরু করে গ্রামের মানুষজন।
দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নির্মল মাহাতো। এই অঞ্চলের জন্মলগ্ন থেকেই দলকে সুসংগঠিত করতে তিনি কঠোর পরিশ্রম করে গেছেন। পুড়িযারা গ্রামের বাসিন্দা রতন লাল সিং দেও-এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকায় বিজেপিকে প্রতিষ্ঠা করার পেছনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। শুরুর দিনগুলিতে দুজনে মিলে সাইকেলে চেপে গ্রামে গ্রামে ঘুরে সংগঠন তৈরি করেছিলেন। তাঁদের সেই মেহনতের ফলেই আজ এই অঞ্চলে দলের ভিত্তি মজবুত হয়েছে এবং সমর্থকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।