
✍️বাজেটে বড় ঘোষণা: সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা, মোট DA বেড়ে হল ৩৮ শতাংশ
রাজ্য বাজেটে সরকারি কর্মচারী, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মী এবং পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত। তিনি জানান, রাজ্য সরকারে কর্মরত কর্মচারীরা প্রশাসনিক কাজ ও সরকারের বিভিন্ন নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের এই অবদানকে স্বীকৃতি জানাতেই বর্তমানের ১৮ শতাংশ মহার্ঘ ভাতার (DA) উপর অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে রাজ্যের সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ ভাতার হার বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশে। একইসঙ্গে পেনশনভোগীরাও অতিরিক্ত ২০ শতাংশ ডিয়ারনেস রিলিফ (DR) পাবেন বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী।
তিনি আরও জানান, মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফের এই বর্ধিত হার আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মী এবং পেনশনভোগীরা সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
বাজেটে এই ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরকারি কর্মী মহলে ব্যাপক উৎসাহ ও আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় এই সিদ্ধান্ত কর্মচারীদের কর্মোদ্যম বাড়ানোর পাশাপাশি তাঁদের আর্থিক স্বস্তিও অনেকটাই বাড়াবে।