
সিমলাপালের রবীন্দ্রপল্লীতে ফের চুরির চেষ্টা, পুলিশের তৎপরতায় আটক ১
বাঁকুড়ার সিমলাপাল থানার অন্তর্গত রবীন্দ্রপল্লী এলাকায় ফের চুরির চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে স্বদেশ সিংহ মহাপাত্রের বাড়িতে ঢোকার চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনায় একজনকে আটক করেছে সিমলাপাল থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে তিন ব্যক্তি চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে সিমলাপাল থানার পুলিশ এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।
সিমলাপাল থানার আইসি এবং এসআই তরুণ পাইন-এর নেতৃত্বে তল্লাশি চলাকালীন একজনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তির নাম সাদের আলি খান, বাড়ি পুনিশোল এলাকায়।
অভিযোগ, পুলিশের তল্লাশি শুরু হতেই বাকি দু’জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহারের অভিযোগ ওঠা বিভিন্ন সরঞ্জামও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। বাড়ির জানালার একটি অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়।
এরই মধ্যে এই ঘটনার সঙ্গে কিছুদিন আগে রবীন্দ্রপল্লীর নিলয় মাহান্তির বাড়িতে ঘটে যাওয়া চুরির ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। মঙ্গলবারের ঘটনায় আটক ব্যক্তি বা তাঁর সহযোগীদের ওই পুরনো চুরির সঙ্গে কোনও সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার রাতের ঘটনায় আরও কারা জড়িত এবং আগের চুরির ঘটনার সঙ্গে কোনও যোগ রয়েছে কি না, সেই তথ্য জানার চেষ্টা চলছে।
পরপর চুরি ও চুরির চেষ্টার ঘটনায় রবীন্দ্রপল্লী এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। রাতের নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সিমলাপাল থানার পুলিশ।