
১২৫ দিনের কাজে রাজ্যে শীর্ষে বাঁকুড়া
কর্মদিবস তৈরি ১ লক্ষ ৭৬ হাজার, কাজের জন্য আবেদন ৬৩ হাজারের বেশি
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া:
১২৫ দিনের কাজের প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্য বাঁকুড়া জেলার। কর্মদিবস তৈরির নিরিখে বর্তমানে রাজ্যের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বাঁকুড়া। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত জেলায় প্রায় ১ লক্ষ ৭৬ হাজার কর্মদিবস তৈরি হয়েছে। খুব শীঘ্রই এই সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশাবাদী প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, এই প্রকল্পে কাজের জন্য এখনও পর্যন্ত ৬৩ হাজার ৫০৬ জন আবেদন করেছেন। তাঁদের মধ্যে বহু আবেদনকারী ইতিমধ্যেই কাজের সুযোগ পেয়েছেন। গ্রামীণ এলাকার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি জল সংরক্ষণ ও কৃষিকাজে সহায়ক বিভিন্ন পরিকাঠামো তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ব্যক্তিগত জমিতে হাপা, পুকুর খনন এবং জল সংরক্ষণমূলক বিভিন্ন কাজের মাধ্যমে কর্মদিবস তৈরি করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন গ্রামীণ শ্রমিকদের কাজের সুযোগ বাড়ছে, অন্যদিকে কৃষি ও জলসম্পদ উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়ছে।
প্রশাসনের লক্ষ্য, যাঁরা কাজের জন্য আবেদন করছেন, তাঁদের চাহিদা অনুযায়ী দ্রুত কাজের সুযোগ করে দেওয়া। জেলার আরও বেশি পঞ্চায়েতে প্রকল্পের কাজ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসনের আশা, চলতি সময়ে কর্মদিবসের সংখ্যা আরও বাড়বে এবং বাঁকুড়ার গ্রামীণ মানুষের কর্মসংস্থানে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।