
অন্নপূর্ণা যোজনার সুবিধা অধরা! বান্দোয়ান বিডিও অফিসে বিক্ষোভে সরব মহিলারা
অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকার অভিযোগে বান্দোয়ান সমষ্টি উন্নয়ন আধিকারিকের (BDO) দফতরে বিক্ষোভ প্রদর্শন করলেন স্থানীয় আবেদনকারী মহিলারা।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, বহু দিন আগে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত তারা এই প্রকল্পের কোনো সুবিধা পাননি। বারে বারে পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনে দরবার করেও মেলে নি কোনো সমাধান। বাধ্য হয়েই এদিন তারা বিডিও অফিসের সামনে জড়ো হয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন।
আবেদনকারীদের এক প্রতিনিধি জানান, "নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে সরকারের এই সামাজিক সুরক্ষা প্রকল্প আমাদের মতো পরিবারের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও আমাদের আবেদনপত্র আটকে রয়েছে। কোনো স্পষ্ট উত্তরও পাওয়া যাচ্ছে না।"
এদিনের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে বিডিও অফিস চত্বরে কিছুক্ষণের জন্য চাঞ্চল্য তৈরি হয়। পরে প্রতিনিধি দল গিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলে । প্রশাসনিক আধিকারিকদের পক্ষ থেকে বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।