
ল্যাম্পপোস্টের নিচে স্বপ্নের দীপাবলি: ফুটপাতে আলো বিক্রি করে সংসারের হাল ধরার চেষ্টা রামপুরহাটের কলেজছাত্রী রিম্পার
উৎসবের মরসুমে চারদিকে যখন আলোর রোশনাই আর কেনাকাটার ব্যস্ততা, তখন রামপুরহাট শহরের ফুটপাতে এক অন্যরকম লড়াইয়ের গল্প তৈরি করছেন এক কলেজপড়ুয়া। তিনি রিম্পা সরকার—রামপুরহাট কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। হাতে বই আর সহপাঠীদের সঙ্গে উৎসবে মেতে ওঠার বদলে তিনি এখন স্টেট ব্যাঙ্ক সংলগ্ন ফুটপাতে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে নিজের হাতে তৈরি মোমবাতির নকশাদার প্রদীপ বিক্রি করছেন।
রিম্পার কাছে দীপাবলির এই মাটির প্রদীপ আর গলানো মোম কেবল উৎসবের সামগ্রী নয়, পরিবারের অন্ধকার দূর করে আগামীর স্বপ্ন গড়ার হাতিয়ার। মধ্যবিত্ত সংসারে আর্থিক টানাটানি সামাল দিতে এবং পড়াশোনার খরচ জোগাতে তিনি বেছে নিয়েছেন নিজের এই শৈল্পিক দক্ষতাকে। পড়াশোনার ফাঁকে নিজের হাতে যত্ন করে তৈরি করছেন সুদৃশ্য রঙিন প্রদীপ। ধুলোবালি ঘেরা ফুটপাতে দাঁড়িয়েও মুখে অমলিন হাসি নিয়ে তিনি পথচলতি মানুষের হাতে তুলে দিচ্ছেন সেই আলোর সম্ভার।
আজকের দ্রুত বদলাতে থাকা সমাজে যখন অনেকেই অজুহাতের আড়ালে পিছিয়ে পড়েন, তখন রিম্পার এই আত্মনির্ভরতার তাগিদ শহরের বহু তরুণ-তরুণীর কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। কোনো কৃত্রিম সংকোচ বা হীনম্মন্যতা ছাড়াই নিজের শ্রমে নিজের ভাগ্য লেখার এই লড়াই পথচলতি বহু মানুষের নজর কাড়ছে।
শহরের স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, ঝাঁ-চকচকে শপিং মল বা ব্র্যান্ডেড দোকানের ভিড়ে না গিয়ে এই ধরনের উদ্যোগীদের পাশে দাঁড়ানোই উৎসবের আসল উদ্দেশ্য হওয়া উচিত। একটি মাটির প্রদীপ যেমন উৎসবের রাতে ঘর আলোকিত করে, তেমনি রিম্পাদের মতো লড়াকু মেয়েদের থেকে সেই প্রদীপ কিনলে একটি অভাবী পরিবারের আঁধারেও হাসির আলো জ্বলবে।
উৎসবের ভিড়ে রামপুরহাটের স্টেট ব্যাঙ্ক সংলগ্ন ফুটপাতে রিম্পার সেই ছোট দোকানটি আজ শুধু আলো বিক্রির জায়গা নয়, এক হার-না-মানা তরুণীর আত্মমর্যাদার প্রতীক।
তথ্যচিত্র পার্থপ্রতিম গুহ