
প্রভাবশালী নেপথ্য সঙ্গীতশিল্পী এস জানকীর (S. Janaki) জীবনাবসান ,‘ইয়ার বিনা চ্যান কাঁহা রে...’, প্রয়াত সঙ্গীতশিল্পী এস জানকী, কণ্ঠ দিয়েছিলেন ‘বাপ্পি’দার গানে,৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সঙ্গীতজগতে আরও একটি যুগের অবসান। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী নেপথ্য সঙ্গীতশিল্পী এস জানকীর (S. Janaki) জীবনাবসান হয়েছে। কর্ণাটকের মহীশূরে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রবীণ এই শিল্পীর প্রয়াণে চলচ্চিত্র তথা সঙ্গীত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সুরের জাদু ও অসাধারণ কণ্ঠের জন্য দক্ষিণ ভারতের ‘নাইটেঙ্গল’ নামেও পরিচিত ছিলেন।দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সঙ্গীতজগতকে সমৃদ্ধ করেছেন এস জানকী। ১৯৫৭ সালে তামিল ছবি ‘উইধায়িন বাযভাকু’ দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়েছিল। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। নিজের সুদীর্ঘ কেরিয়ারে তামিল, তেলুগু, মালায়লম, কন্নড় ও হিন্দির পাশাপাশি একাধিক ভারতীয় এবং বিদেশি ভাষায় প্রায় ৪৮,০০০ গান রেকর্ড করার এক অনন্য ও অবিশ্বাস্য নজির গড়েছেন তিনি। যুগের পর যুগ ধরে রূপোলি পর্দার বহু নামী তারকাদের কণ্ঠ দিয়েছেন এই মেলোডি কুইন।দক্ষিণ ভারতীয় সিনেমা বিশেষ করে কন্নড় ও মালায়লম চলচ্চিত্রে তাঁর অবদান অনস্বীকার্য। কিংবদন্তি সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজা (Ilaiyaraaja), এম এস বিশ্বনাথন এবং অস্কারজয়ী সুরকার এ আর রহমান (A. R. Rahman)-এর সঙ্গে তাঁর বহু সৃষ্টি আজও শ্রোতাদের মনে অমর হয়ে রয়েছে। বিশেষ করে ইলাইয়ারাজার সুরে এস পি বালসুব্রহ্মণ্যম (SPB) এবং এস জানকীর গাওয়া দ্বৈত গানগুলো ভারতীয় সঙ্গীতের সোনালী অধ্যায় হিসেবে গণ্য করা হয়। অনিল কাপুর, অমৃতা সিং, রাখী অভিনীত হিন্দি ছবি ‘সাহেব’ (Saaheb)-এর বিখ্যাত ‘ইয়ার বিনা চ্যান কাঁহা রে’ (Yaar Bina Chain Kahan Re) গানে বাপ্পি লাহিড়ির সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন জানকী। বর্ষীয়ান শিল্পী এস জানকীর প্রয়াণ ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীতজগতে এক অপূরণীয় ক্ষতি। কিন্তু তাঁর গেয়ে যাওয়া প্রায় ৫০ হাজার গান তাঁকে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে চিরকাল বাঁচিয়ে রাখবে।