
যে চেয়ারে শুরু, সেখানেই ইতি! ভরতপুরে শেষ হল গোলাপী খাতুনের অধ্যায়
মুর্শিদাবাদের ভরতপুর-১ ব্লকের গড্ডা গ্রাম পঞ্চায়েতে ৫-০ ভোটে পাশ হল অনাস্থা প্রস্তাব। আর এর সঙ্গেই প্রধানের পদ হারালেন গোলাপী খাতুন। হাইকোর্টের নির্দেশে অনুষ্ঠিত এই ভোট ঘিরে এখন গড্ডা পঞ্চায়েতে শুরু হয়েছে নতুন প্রধান কে হবেন, তা নিয়ে জোর জল্পনা। বৃস্পতিবার ভোটগ্রহণের সময় প্রধান গোলাপী খাতুন-সহ তাঁর ঘনিষ্ঠ তিন পঞ্চায়েত সদস্য অনুপস্থিত ছিলেন। উপস্থিত পাঁচ সদস্যই প্রধানের বিরুদ্ধে ভোট দেন। ফলে ৫-০ ব্যবধানে অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রধানের পদ হারান গোলাপী খাতুন। নয় আসনের গড্ডা গ্রাম পঞ্চায়েতে গত নির্বাচনে তৃণমূল ও কংগ্রেস চারটি করে আসন পেয়েছিল। একটি আসনে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থী। পরবর্তীতে কয়েকজন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় বদলে যায় পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণ। চলতি বিধানসভা নির্বাচনের পর ফের পাঁচ সদস্য কংগ্রেসে যোগ দেন বলে জানা যায়। এরপরই প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন ওই পাঁচ সদস্য। প্রশাসনিক প্রক্রিয়া গড়িয়ে পৌঁছয় কলকাতা হাইকোর্টে। শেষ পর্যন্ত আদালতের নির্দেশেই বৃহস্পতিবার হয় আস্থা ভোট। আর সেই ভোটেই প্রধানের বিরুদ্ধে অনাস্থা পাশ।
এখন গড্ডা পঞ্চায়েতে পরবর্তী চাল কী, সেদিকেই নজর। প্রশাসনের নিয়ম মেনে এবার শুরু হবে নতুন প্রধান নির্বাচনের প্রক্রিয়া। ফলে নতুন প্রধানের চেয়ারে কে বসবেন, তা ঘিরে ভরতপুরের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা।
#tmc #Congress #murshidabaddistrict #murshidabad #bangladarshan #kandi #bharatpur