ইউরিয়া সারকে কেন্দ্র করে চরম ক্ষোভ বরাবাজারে।
অভিযোগ, সকাল থেকে লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না চাষিরা। বরাবাজার জলট্যাঙ্কি মোড়ের কাছে, বেরাদা রোডের দুটি দোকানে ভোর থেকেই চাষীদের লম্বা লাইন। দোকানে মজুত রয়েছে মাত্র একশো বস্তা সার, অথচ লাইনে দাঁড়িয়ে দুশোরও বেশি চাষি।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় দোকান বন্ধ করে দেন বিক্রেতা। এরপরই চাষিরা বরাবাজার থানায় গিয়ে প্রশাসনকে মৌখিকভাবে জানান।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। পুলিশের উপস্থিতিতেই আধার কার্ড এবং বায়োমেট্রিক যাচাই করে লাইন ধরে চাষীদের হাতে সার তুলে দেন বিক্রেতা।
বিক্রেতার দাবি, বরাবাজার ব্লকের বাইরে থেকেও বহু চাষি সার নিতে আসছেন, কিন্তু মজুত অত্যন্ত কম। তাই বরাবাজার ব্লকের চাষীরাই প্রথম অগ্রাধিকার পাবেন।