
কুশমণ্ডিতে কংগ্রেসের ‘সংগঠন সৃজন অভিযান | সংগঠন মজবুত করার বার্তা
#congressnews #Kushmandi #harrsnews
আগামী দিনের রাজনৈতিক লড়াইকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কুশমণ্ডিতে অনুষ্ঠিত হলো জাতীয় কংগ্রেসের ‘সংগঠন সৃজন অভিযান’।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে দেশজুড়ে চলা সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবেই কুশমণ্ডিতে এই সভার আয়োজন। আগামী দিনের লোকসভা ও গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুথস্তর থেকে সংগঠনকে ঢেলে সাজানো, সক্রিয় কর্মীদের আরও বেশি দায়িত্ব দেওয়া এবং নতুন নেতৃত্ব তৈরি করাই এই অভিযানের মূল উদ্দেশ্য বলে দলীয় নেতৃত্বের দাবি।
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের টিচার্স কো-অপারেটিভ হলে কুশমণ্ডি ব্লক কংগ্রেসের উদ্যোগে এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠন সৃজন অভিযানের পর্যবেক্ষক তথা আসাম রাজ্যের বিধায়ক ডক্টর আসিফ মোহাম্মদ নাজার। পাশাপাশি উপস্থিত ছিলেন কুশমণ্ডি বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ধীরেন সরকার, ব্লক কংগ্রেস সভাপতি আইনুল বারী, জেলা কমিটির সদস্য শুকুর আলী সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা।
সভায় সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠা, বুথভিত্তিক সংগঠনকে সক্রিয় করা এবং সাধারণ মানুষের সঙ্গে দলের যোগাযোগ আরও নিবিড় করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে সংগঠনের সঙ্গে যুক্ত করে আগামী দিনের নেতৃত্ব তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, নির্বাচনকেন্দ্রিক রাজনীতির বাইরে সারা বছর মানুষের সঙ্গে জনসংযোগ বজায় রেখে সাংগঠনিক ভিত শক্ত করাই এই অভিযানের লক্ষ্য। কুশমণ্ডিতে ‘সংগঠন সৃজন অভিযান’-এর মাধ্যমে আগামী দিনে কংগ্রেস কতটা ঘুরে দাঁড়াতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
কুশমণ্ডি ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি আইনুল বাড়ি বলেন, “আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে বুথস্তর থেকে কাজ শুরু করা হচ্ছে। সাধারণ মানুষের কাছে পৌঁছে তাঁদের সমস্যা তুলে ধরা এবং দলের পুরনো কর্মীদের পাশাপাশি নতুন প্রজন্মকে সংগঠনের কাজে যুক্ত করাই আমাদের অন্যতম লক্ষ্য।”