বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে বিদ্যাসাগরের ২০৭ তম জন্ম জয়ন্তী উদযাপন সিউড়িতে....
বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি, বীরভূম জেলা কমিটির উদ্যোগে সিউড়িতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়৷ এবারও যথাযোগ্য মর্যাদায় তা পালিত হয়৷ বীরভূম জিলা স্কুল গেটের সামনে থেকে প্রভাতফেরী বের করা হয়৷ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, বিদ্যাসাগর অনুরাগী মানুষজন, বিদ্যাসাগর জন্ম জয়ন্তী উদযাপন কমিটির কর্মকর্তা, প্রতিনিধি, সদস্যরা তাতে অংশ নেন৷ পদযাত্রাটি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কার্যালয় বিদ্যাসাগর ভবন পর্যন্ত যায়৷ বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান, শ্রদ্ধা জ্ঞাপন করা হয়৷ পরে সিউড়ির ডাঃ শরদীশ রায় স্মৃতি সেবা সদনে ছাত্র ছাত্রীদের নিয়ে বিদ্যাসাগর বিষয়ক ক্যুইজ ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ বিশেষ স্থানাধিকারী ও অংশ গ্রহণকারী সকল প্রতিযোগীকে বিশেষ পুরস্কার ও সান্ত্বনা পুরস্কার সহ শংসাপত্র প্রদান করা হয়৷ বিকেলে সেখানে বিদ্যাসাগর বিষয়ে আলোচনা সভা আয়োজিত হয়৷ আলোচক ছিলেন হুগলী নবগ্রাম হীরালাল পাল কলেজের অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়, হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যাপক আশিস চক্রবর্তী ও বীরভূম মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর পার্থসারথি মুখোপাধ্যায়৷ বিদ্যাসাগর জন্মজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি বিকাশ রায়ও মঞ্চে উপস্থিত ছিলেন এবং স্বাগত বক্তব্য রাখেন৷ যুগ্ম সম্পাদক অমিতাভ সেনগুপ্ত, সব্যসাচী দাস সহ অন্যান্যদের তৎপরতা ছিল যথেষ্ট৷ মূল্যবান বক্তব্য, আবৃত্তি ও কবিতাপাঠ, সংগীত পরিবেশিত হয়৷ সভাকক্ষে সুধীজনেদের উপস্থিতি ছিল যথেষ্ট৷
বীরভূমের সিউড়ি থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট আনন্দ বাংলা 24x7