*২৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া ৫ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার! খোয়াই থানা, মহিলা থানা ও সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির যৌথ মহাসাফল্য!*
ত্রিপুরাথেকে গোপাল সিংয়ের রিপোর্ট:
খোয়াই মহকুমায় চুরির ঘটনার তদন্তে নেমে এক অভূতপূর্ব ও অভাবনীয় সাফল্য অর্জন করল পুলিশ প্রশাসন। খোয়াই গণকী এলাকা থেকে ৫ লক্ষাধিক টাকার বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি যাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তা উদ্ধার করে দেখাল পুলিশ বাহিনী। খোয়াই থানা, মহিলা থানা এবং সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির যৌথ তৎপরতা ও সাঁড়াশি অভিযানের ফলেই এই দ্রুত সাফল্য মিলেছে।
খোয়াই থানার বিদায়ী ওসি কৃষ্ণধন সরকার মিডিয়াকে জানান, খোয়াই গণকী এলাকার নিবাসী নারায়ণ চন্দ্র দাসের পুত্র শুভপ্রিয় দাস তাঁর বাড়ি থেকে শুক্রবার দুপুরে বিপুল পরিমাণ গয়না চুরি হওয়ার বিষয়ে থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেয় পুলিশ প্রশাসন। খোয়াই থানার বিদায়ী ওসি কৃষ্ণধন সরকার, মহিলা থানা এবং সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির যৌথ নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মাঠে নামেন। সঠিক তদন্ত ও গোপন সূত্রের খবরকে কাজে লাগিয়ে ঘটনার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই চুরির কিনারা করতে সক্ষম হয় পুলিশ বাহিনী। আজ এই চাঞ্চল্যকর চুরির মামলার তদন্তে নেমে খোয়াইয়ের অজগরটিলা এলাকা থেকে সম্পূর্ণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সমর্থ হন পুলিশ আধিকারিকেরা।
খোয়াই থানার বিদায়ী ওসি কৃষ্ণধন সরকার সামগ্রী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, চুরির ঘটনার সাথে আর কারা কারা জড়িত রয়েছে এবং এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের গোটা ঘটনায় তদন্ত আরও জারি রয়েছে। খোয়াই পুলিশের এই ঝটিকা অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।