বোলপুরে ‘BSF On Duty’ লেখা গরু বোঝাই গাড়ি আটক! শোরগোল চিত্রা মোড়ে
বীরভূমের বোলপুরের চিত্রা মোড়ে সন্দেহজনকভাবে আটক করা হল গরু বোঝাই দুটি গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ি দুটির গায়ে বড় অক্ষরে ‘BSF On Duty’ লেখা ছিল এবং সেগুলি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাচ্ছিল।
চিত্রা মোড়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের নজরে বিষয়টি আসতেই গাড়ি দুটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এরপর গাড়ি ও সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা হয়। প্রাথমিক যাচাইয়ের পর গাড়ি দুটিকে বোলপুর থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পর কোনও অসঙ্গতি না পাওয়ায় গাড়ি দুটিকে ছেড়ে দেওয়া হয়। তবে ‘BSF On Duty’ লেখা থাকায় এবং গরু পরিবহনের বিষয়টি নজরে আসায় কিছু সময়ের জন্য গাড়িগুলিকে আটক রেখে তদন্ত চালানো হয়।