শিক্ষকের চেয়ারে বসে বিকশিত ভারতের পাঠ দিচ্ছেন বিজেপি নেতা, দর্শক শিক্ষকেরা! শুশুনদিঘি স্কুলে বিজেপি নেতার আচরণে তুঙ্গে বিতর্ক
স্কুলের শ্রেণিকক্ষে পড়ুয়াদের নিয়ে ‘বিকশিত ভারত ভিশন ২০৪৭’ কর্মসূচির প্রচারে গিয়েছিলেন এক বিজেপি নেতা। সেখানে তাঁকে শ্রেণিকক্ষের চেয়ারে বসে স্মার্টফোনের দিকে চোখ রেখে বক্তব্য রাখতে দেখা গেল। অন্যদিকে, তাঁর পাশে হাত গুটিয়ে দাঁড়িয়ে ছিলেন স্কুলের শিক্ষক। একইভাবে আরও দুই শিক্ষক-শিক্ষিকাকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই দৃশ্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।
পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনা বাজারের শুশুনদিঘি উচ্চ বিদ্যালয়ে বুধবার ‘বিকশিত ভারত ভিশন ২০৪৭’ কর্মসূচির প্রচারে যান বিজেপির ভাতার বিধানসভা কেন্দ্রের কনভেনর সুব্রত গোষ্বামী। শ্রেণিকক্ষে ঢুকে তিনি একাই চেয়ারে বসে বক্তব্য রাখেন। তাঁর পাশে শিক্ষক-শিক্ষিকাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই এই দৃশ্যকে দৃষ্টিকটু বলে মন্তব্য করেছেন এবং স্কুলের মতো একটি প্রতিষ্ঠানে অতিথির এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।
কেন্দ্র সরকারের ‘বিকশিত ভারত ২০৪৭’ কর্মসূচির লক্ষ্য হল স্বাধীনতার ১০০ বছর পূর্তির সময়, অর্থাৎ ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি আত্মনির্ভর ও উন্নত উচ্চ-আয়ের রাষ্ট্রে পরিণত করা। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সামাজিক অগ্রগতি, সুশাসন এবং পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করাও এই রূপকল্পের অন্যতম লক্ষ্য।
‘বিকশিত ভারত ২০৪৭’ রূপকল্প বাস্তবায়নে দেশের ছাত্রছাত্রী ও যুবসমাজকে যুক্ত করতে শিক্ষা মন্ত্রক-সহ কেন্দ্রের বিভিন্ন দফতরের উদ্যোগে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একাধিক প্রচারমূলক কর্মসূচি ও প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সেই কর্মসূচিরই অংশ হিসেবে বুধবার বলগোনার শুশুনদিঘি উচ্চ বিদ্যালয়ে প্রচারে এসেছিলেন সুব্রত গোষ্বামী।
তবে দেশের উন্নয়নের এই কর্মসূচির প্রচারে এসে শ্রেণিকক্ষে তাঁর বসার ধরন এবং শিক্ষক-শিক্ষিকাদের দাঁড়িয়ে থাকার দৃশ্যই এখন আলোচনার কেন্দ্রে। সংবাদ মুর্শিদাবাদ Sambad Murshidabad