সন্দেশখালিতে পুকুরে অস্ত্রের ভাণ্ডার, উদ্ধার ৩ আগ্নেয়াস্ত্র ও ৩২ রাউন্ড কার্তুজ
সন্দেশখালি: ফের অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য ছড়াল সন্দেশখালিতে। কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য সমীর সরদারের বাড়ির পুকুর থেকে উদ্ধার হল তিনটি আগ্নেয়াস্ত্র ও ৩২ রাউন্ড কার্তুজ। ঘটনায় সমীর সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সন্দেশখালি থানার পুলিশ এবং বসিরহাট জেলা পুলিশের এসওজি যৌথভাবে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। বাড়ির পুকুরে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে বলে সন্দেহ হওয়ায় সিভিল ডিফেন্সের কর্মীদের পুকুরে নামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে একে একে তিনটি আগ্নেয়াস্ত্র এবং ৩২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।
অস্ত্র উদ্ধারের পরই তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমীর সরদারকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, সমীর সরদার একসময় সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং এলাকায় তাঁর যথেষ্ট প্রভাব ছিল।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কোথা থেকে এল, সেগুলি কী উদ্দেশ্যে পুকুরে রাখা হয়েছিল এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র উদ্ধারের নেপথ্যে থাকা চক্রের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।
সন্দেশখালিতে ফের বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Kolkata, Kolkata | Aug 27, 2026