সাইবার অপরাধ, শিশু সুরক্ষা ও মানবপাচার রোধে সচেতনতা কর্মসূচি
সাইবার অপরাধ, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ ও মানবপাচার রোধে সচেতনতা গড়ে তুলতে খড়িবাড়ি থানার উদ্যোগে বাতাসি শাস্ত্রীজি হাই স্কুল সংলগ্ন এলাকায় একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে থানার পুলিশকর্মী, মহিলা পুলিশ বাহিনী ও সংশ্লিষ্ট আঞ্চলিক আধিকারিকের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। বিশেষ করে সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকা, POCSO Act, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মানবপাচারের মতো গুরুতর সামাজিক সমস্যা সম্পর্কে সাধারণ মানুষকে বিস্তারিতভাবে অবহিত করা হয়।
পাশাপাশি মব লিঞ্চিং বা গণপিটুনির ক্ষতিকর দিক সম্পর্কেও স্থানীয়দের সচেতন করা হয়। কোনও ঘটনা ঘটলে আইন নিজের হাতে না তুলে নিয়ে পুলিশের সাহায্য নেওয়ার বার্তা দেওয়া হয়।সচেতনতা কর্মসূচির পাশাপাশি এলাকায় বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক লিফলেটও সাঁটানো হয়। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনা হয় এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
পুলিশের এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিশু ও সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে আরও দায়িত্বশীল করে তোলা।