রাজবংশী মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য, আইনি ব্যবস্থার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি মন্ত্রী আনন্দময় বর্মনের
সোশ্যাল মিডিয়ায় রাজবংশী সমাজের মা-বোনেদের নিয়ে অশালীন, কুরুচিকর ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সরব হলেন মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় রাজবংশী মহিলাদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করে একটি মহলের পক্ষ থেকে সামাজিক সম্প্রীতি ও মর্যাদাকে আঘাত করা হচ্ছে।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন মন্ত্রী আনন্দময় বর্মন। চিঠিতে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে অভিযোগের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্ত্রী বলেন, কোনও সম্প্রদায়ের মহিলাদের নিয়ে অশালীন বা আপত্তিকর মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। রাজবংশী সমাজের মা-বোনেদের সম্মান ও মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা উচিত বলেও তিনি দাবি জানান। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দায়িত্বশীল আচরণ এবং পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।