মালদা প্রতিদিন নিউজঃ মালদা জেলার হবিবপুর ব্লকের মাছনি কান্দর গ্রামে শুক্রবার দুপুরে ভারত সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উদ্যোগে এবং অগ্রণী নিও এফপিসি-এর ব্যবস্থাপনায় পাট চাষিদের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে পাট জাক ও পাট পচানোর উপর একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ শিবিরে এক শতাধিক পাঠ চাষী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শিবিরে হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকার পাট চাষিদের হাতে-কলমে "নিন ফেট সাথী" ব্যবহারের মাধ্যমে কীভাবে সঠিকভাবে পাট জাক দিতে হয়, সে বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষজ্ঞরা জানান, এই আধুনিক পদ্ধতি অনুসরণ করলে কম সময়ে উন্নতমানের পাট পচানো সম্ভব হবে। এর ফলে পাটের গুণগত মান বৃদ্ধি পাবে, কৃষকরা বাজারে ন্যায্য মূল্য পাবেন এবং তাঁদের আর্থিক অবস্থারও উন্নতি হবে। এই প্রশিক্ষণ এই ব্লকের বিভিন্ন গ্রামে সপ্তাহ ব্যাপী চলবে বলে জানা গেছে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বরিষ্ঠ বিজ্ঞানী ড. শান্তনু বসাক, টেকনিক্যাল অফিসার সৈকত মাইতি-সহ অন্যান্য বিশেষজ্ঞরা। তাঁরা পাট চাষিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট চাষকে লাভজনক করে তোলার আহ্বান জানান।