হাইলাকান্দি থেকে নয়াদিল্লির জাতীয় মঞ্চে টিমমেটস ইজিবিমার গৌরবময় স্বীকৃতি এনপিএস দিবস ২০২৬-এ পিএফআরডিএ-র অনুষ্ঠানে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য
এন এইচ নিউজ, হাইলাকান্দি, ২ অক্টোবর: হাইলাকান্দির মাটি থেকে পথচলা শুরু করে জাতীয় স্তরের মঞ্চে নিজেদের উপস্থিতি জানান দিল টিমমেটস ইজিবিমা ইন্স্যুরেন্স মার্কেটিং প্রাইভেট লিমিটেড। জাতীয় পেনশন ব্যবস্থা বা এনপিএস দিবস ২০২৬ উপলক্ষে ১ অক্টোবর নয়াদিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সংস্থাটিকে প্রদান করা হলো ‘পাইওনিয়ারিং পার্টিসিপেশন’ শংসাপত্র।
পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (পিএফআরডিএ)-র আয়োজনে নয়াদিল্লির ঐতিহ্যবাহী হোটেল দ্য অশোক, চাণক্যপুরীর কনভেনশন হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে টিমমেটস ইজিবিমার পক্ষ থেকে সম্মানটি গ্রহণ করেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক শ্রী পঙ্কজ শর্মা।
প্রাপ্ত শংসাপত্রে স্টার এনপিএস প্ল্যাটফর্মে সংস্থার অগ্রণী অংশগ্রহণ এবং দেশে পেনশন ব্যবস্থার প্রসারে অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে। হাইলাকান্দির মতো একটি জেলা থেকে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানের জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি অর্জন নিঃসন্দেহে সংস্থার দীর্ঘ পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এবারের এনপিএস দিবসের অনুষ্ঠান শুধুমাত্র একটি উদ্যাপন নয়, বরং দেশের পেনশন ব্যবস্থাকে আরও সহজলভ্য ও বিস্তৃত করার লক্ষ্যে একাধিক নতুন উদ্যোগের ঘোষণারও সাক্ষী হয়ে থাকল।
অনুষ্ঠানে এনপিএস তৎকাল-এর মাধ্যমে ইউপিআই ব্যবহার করে দ্রুত এনপিএস অ্যাকাউন্ট খোলার সুবিধা, এনপিএস স্বাস্থ্য-এর মাধ্যমে অবসরকালীন সঞ্চয়ের সঙ্গে স্বাস্থ্যসুবিধার সংযোগ, অবসরকালীন আয় প্রকল্প-এর মাধ্যমে অবসর-পরবর্তী নিয়মিত আয়ের দিকে গুরুত্ব এবং এনপিএস সঞ্চয়-এর মাধ্যমে দেশজুড়ে পেনশন সচেতনতা বৃদ্ধির মতো উদ্যোগের কথা তুলে ধরা হয়। এনপিএস ব্যবস্থায় আগামী দিনে আরও বেশি মানুষকে যুক্ত করার লক্ষ্যে এই উদ্যোগগুলি বিশেষ গুরুত্ব বহন করছে।
নয়াদিল্লির এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএফআরডিএ-র চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ, আর্থিক পরিষেবা বিভাগের সচিব, আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক, ফোনপে ও ভীম-এর শীর্ষ আধিকারিক, এইচডিএফসি পেনশন ফান্ডের প্রতিনিধিবৃন্দ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পেনশন ফান্ড ম্যানেজারবৃন্দ, বিএসই-র প্রধান নির্বাহী আধিকারিক, বিভিন্ন কেন্দ্রীয় রেকর্ড সংস্থার শীর্ষ আধিকারিক এবং দেশের বিভিন্ন ব্যাংকের একাধিক শীর্ষ কর্মকর্তা।
দেশের পেনশন ও আর্থিক পরিষেবা ক্ষেত্রের এতগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে টিমমেটস ইজিবিমার এই স্বীকৃতি সংস্থাটির জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।
একসময় হাইলাকান্দি থেকে শুরু হওয়া একটি উদ্যোগ আজ পৌঁছে গেল দেশের রাজধানীর জাতীয় মঞ্চে। টিমমেটস ইজিবিমা ইন্স্যুরেন্স মার্কেটিং প্রাইভেট লিমিটেডের এই স্বীকৃতি শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়; এটি হাইলাকান্দি তথা উত্তর-পূর্ব ভারতের উদ্যোগ ও সম্ভাবনারও একটি উজ্জ্বল উদাহরণ।
সংস্থার ব্যবস্থাপনা পরিচালক শ্রী পঙ্কজ শর্মার হাতে জাতীয় মঞ্চে এই সম্মান তুলে দেওয়ার মুহূর্তটি ইতিমধ্যেই টিমমেটস ইজিবিমার কর্মী, সহযোগী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে গর্ব ও আনন্দের আবহ তৈরি করেছে।
হাইলাকান্দি থেকে নয়াদিল্লি—স্থানীয় মাটি থেকে জাতীয় মঞ্চে টিমমেটস ইজিবিমার এই যাত্রা নিঃসন্দেহে এক স্মরণীয় অধ্যায়।