
বাঁকুড়া ও বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, বজায় থাকবে ভ্যাপসা গরম।
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও বর্ধমান: দক্ষিণবঙ্গের দুই জেলা বাঁকুড়া এবং বর্ধমানে আগামী কয়েকদিন আকাশ প্রধানত মেঘলা থাকবে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে এই খবর জানানো হয়েছে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্ষার চেনা ছন্দে মৌসুমি বায়ু বর্তমানে দক্ষিণবঙ্গের ওপর বেশ সক্রিয়। এর ফলেই বাঁকুড়া এবং বর্ধমান জেলার বিস্তীর্ণ অঞ্চলে দফায় দফায় বৃষ্টি হতে পারে।
তবে টানা বৃষ্টির চেয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি।
এদিকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনই অস্বস্তি থেকে রেহাই মিলছে না জেলাবাসীর। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প বা আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকবে। ফলে, দিনের যে সময়ে বৃষ্টি হবে না, সেই সময় প্রবল ভ্যাপসা গরম ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। ঘর্মাক্ত পরিস্থিতির কারণে সাধারণ মানুষকে নাজেহাল হতে হতে পারে।
আবহাওয়া বিদদের পরামর্শ, মেঘলা আকাশ ও বজ্রপাতের সম্ভাবনা থাকায় বৃষ্টির সময় সাধারণ মানুষের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া উচিত। একই সঙ্গে ভ্যাপসা গরমের অস্বস্তি থেকে বাঁচতে পর্যাপ্ত পরিমাণে জল ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।