শিয়ালদা-বনগাঁ শাখা: বিরা স্টেশনে হকার উচ্ছেদ ঘিরে টানটান উত্তেজনা
নিজস্ব প্রতিবেদন, বিরা: রেল প্রশাসনের কড়া হুঁশিয়ারি ও নির্দেশের পর অবশেষে উচ্ছেদ অভিযানের মুখে উত্তর ২৪ পরগনার বিরা স্টেশন। রেল চত্বরের অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য ৯ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল রেল কর্তৃপক্ষ। সেই সময়সীমা শেষ হতেই আজ, ১০ জুন থেকে শুরু হয়েছে তৎপরতা।
ইতিমধ্যেই প্রশাসনের চাপে অনেক ব্যবসায়ী নিজেদের দোকান ও কাঠামো সরিয়ে নিয়েছেন। তবে এখনও বেশ কিছু অবৈধ নির্মাণ রয়ে গেছে। স্টেশন চত্বর পুরোপুরি দখলমুক্ত করতে আজ বেলা ১১টা ৩০ মিনিটের পর অথবা যাত্রী ভিড় এড়াতে মধ্যরাতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হতে পারে বলে রেল সূত্রে খবর। দীর্ঘদিনের রুটি-রুজি হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা। এখন দেখার, রেল প্রশাসন শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয়।
সুব্রত রায়, রিপোর্ট BMG News Bangla