উদয়ন গুহ গ্রেফতারের পর তৎপরতা, দিনহাটা থানায় ADG উত্তরবঙ্গ; পৌরসভার নথি খতিয়ে দেখছে পুলিশ।
প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ গ্রেফতার হওয়ার পর দিনহাটা পৌরসভার বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্তে গতি আনতে দিনহাটা থানায় পৌঁছালেন রাজ্য পুলিশের ADG (উত্তরবঙ্গ) জয় রামান। শনিবার দুপুরে তিনি দিনহাটা থানায় আসেন।
থানায় জেলা পুলিশ সুপার যশপ্রীত সিং, অতিরিক্ত পুলিশ সুপার রিকি আগরওয়াল, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) প্রশান্ত দেবনাথ এবং দিনহাটা থানার আইসি বুধাদিত্য রায়কে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি।
সূত্রের খবর, এদিন দিনহাটা পৌরসভা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি থানায় নিয়ে আসে পুলিশ। যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
তবে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের মতে, উদয়ন গুহ গ্রেফতারের পর দিনহাটা পৌরসভার বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্তে অগ্রগতি আনতেই ওই নথিগুলি সংগ্রহ করা হয়েছে। ঘটনাকে ঘিরে দিনহাটায় জোর চর্চা শুরু হয়েছে।