বরাবাজার ব্লকের দশটি অঞ্চলে বার্ষিক সাধারণ সভা শুরু করল স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি। দলগুলির বিগত বছরের কাজের হিসাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়ণের লক্ষ্যেই এই সভার আয়োজন। প্রতিটি অঞ্চলের বিভিন্ন স্থানে নির্দিষ্ট দিন ধার্য করে স্বনির্ভর দলের সদস্যদের নিয়ে পৃথকভাবে অনুষ্ঠিত হচ্ছে এই সাধারণ সভা।
এরই অঙ্গ হিসেবে সোমবার ঢেলাতবামু অঞ্চলের বোদলডি হাটতলা ময়দানে এক সভার আয়োজন করা হয়। ঢেলাতবামু মহামিলন মহিলা স্বনির্ভর সংঘের সদস্যরা জানান, স্বনির্ভর গোষ্ঠীগুলির আর্থিক উন্নয়ন ও সার্বিক অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন। সভার মূল উদ্দেশ্য—বিগত দিনে দলগুলি ঠিক কী কী উন্নয়নমূলক ও সামাজিক কাজ সম্পন্ন করেছে তার পর্যালোচনার পাশাপাশি আগামী দিনে কীভাবে কাজ পরিচালিত হবে এবং নতুন কী পরিকল্পনা নেওয়া হবে, তা বিশদ আলোচনা করা।
সমগ্র অনুষ্ঠানটি নিরাপত্তার স্বার্থে স্থানীয় পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
Barabazar, Purulia | Sep 21, 2026