
এবার 'ডিম থেরাপি' হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার বিশ্বনাথ দাসের উপর
সর্বত্রই একটা খবর পাওয়া যাচ্ছে যত প্রাক্তন অথবা বর্তমান তৃণমূল কাউন্সিলার আছেন, তারা নাকি ডিমের ভয়ে এখন আর ঘর থেকে বেশি বের হচ্ছে না। কিন্তু নিজেকে বাঁচাতে পারলেন না বিশ্বনাথ। হাওড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান বিশ্বনাথ দাসকে একেবারে ডিমে ‘স্নান’ করাল উত্তেজিত জনতা। বঙ্গে একেবারে হিট ‘ডিম থেরাপি’। শনিবার রাতে কাসুন্দিয়া রোডে যখন দাঁড়িয়েছিলেন বিশ্বনাথ তখন আচমকা কিছু উত্তেজিত যুবক এসে তাঁকে ডিম ছুঁড়তে থাকে। ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে পড়েন ওই তৃণমূল নেতা। এই নিয়ে সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, কিছু উত্তেজিত যুবক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে ডিম ছুঁড়ে মারছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যাঁরা কাউন্সিলরকে ডিম ছুঁড়ে মারছিলেন তাঁরা অভিযোগ করতে থাকেন, একসময় এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ প্রোমোটারদের সঙ্গে নিয়ে এলাকার বাসিন্দাদের জেলে পুড়ে দেওয়ার ভয় দেখাতেন।
জোর করে এক ব্যক্তির ৫০ বছরের চালের দোকান বেআইনিভাবে দখল করে নিয়েছিলেন কাউন্সিলর। তাঁরা আরও অভিযোগ করেন, এলাকায় যত ফ্ল্যাট হয়েছে সব ফ্ল্যাটের বাসিন্দাদের থেকে বেআইনিভাবে টাকা নিয়েছেন বিশ্বনাথ। ফ্ল্যাটগুলি থেকে প্রচুর কাটমানি খেয়েছেন। শুধু তাই নয়, তাঁর ২৫ নম্বর ওয়ার্ডে প্রচুর বেআইনি নির্মাণেও সাহায্য করেছেন এই কাউন্সিলর। এমনকী শিশুদের একটি পার্ক বন্ধ করে দেওয়ার অভিযোগও ওই যুবকরা বিশ্বনাথের বিরুদ্ধে তোলেন।