
রামপুরহাটে ভুয়ো রেডিওলজিস্টের চিকিৎসকের অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের নজরে ।
রামপুরহাটে বৈধ রেজিস্ট্রেশন ছাড়াই চিকিৎসা পরিষেবা দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। রামপুরহাটের বেসরকারী ডায়াগনস্টিক সেন্টারে ‘রেডিওলজিস্ট’ পরিচয়ে ড. আলোক কুমার প্রায় তিন মাস ধরে ইউএসজি করছিলেন বলে অভিযোগ।
এই ঘটনায় রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগের পর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হয়। দপ্তরের দাবি, ওই ব্যক্তির বৈধ চিকিৎসক হিসেবে কাজ করার প্রয়োজনীয় নথি বা রেজিস্ট্রেশনের প্রমাণ পাওয়া যায়নি।
রামপুরহাটের মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভন দে বলেন, “ফ্রড ডাক্তার। ডাক্তার আপাতত পলাতক। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযোগ অনুযায়ী, পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের (WBMC) বৈধ রেজিস্ট্রেশন ছাড়াই তিনি চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন। তাঁর নামে BCMR 57217 নম্বরের একটি রেজিস্ট্রেশনের দাবি করা হলেও স্বাস্থ্য দপ্তরের তরফে সেই রেজিস্ট্রেশন নম্বরের বৈধতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
তবে প্রশ্ন উঠছে, যদি ওই ব্যক্তি সত্যিই বৈধ নথি ছাড়া প্রায় তিন মাস ধরে একটি ডায়াগনস্টিক সেন্টারে ইউএসজি পরিষেবা দিয়ে থাকেন, তাহলে এতদিন বিষয়টি স্বাস্থ্য দপ্তরের নজরে এল না কেন? স্বাস্থ্য দপ্তরের নজরদারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা এবং ওই ব্যক্তির চিকিৎসা-সংক্রান্ত যোগ্যতা ও রেজিস্ট্রেশন নিয়ে তদন্তের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে।
Suri 2, Birbhum | Sep 26, 2026