সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক— তিন জনের বিজেপিতে যোগদান এবং প্রায় সঙ্গে সঙ্গে পদ্মের রাজ্যসভার টিকিট পেয়ে যাওয়া নিয়ে অস্বস্তি রয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে বিধানসভায় এই তিন জন মনোনয়ন জমা দিয়েছেন।
পদ্ম–প্রতীকে তাঁরা যে ফের রাজ্যসভার সদস্য হচ্ছেন, তা মোটামুটি নিশ্চিত। কিন্তু দু’মাস আগেও জোড়াফুলের সাংসদ থাকা এই তিন জনকে রাতারাতি বিজেপিতে যোগদান করিয়ে রাজ্যসভার টিকিট দেওয়া, বিশেষ করে এঁদের মধ্যে প্রকাশকে নিয়ে উত্তরবঙ্গের একাধিক বিজেপি নেতা–মন্ত্রী গত কয়েক দিনে প্রকাশ্যে মুখ খুলেছেন। গেরুয়া শিবিরে কি যোগ্য কেউ ছিলেন না— এই প্রশ্নও উঠেছে। কালীঘাটপন্থী তৃণমূলের পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসও সুখেন্দুদের ফুল–বদল নিয়ে গেরুয়া শিবিরকে বিঁধেছে। এই পরিস্থিতিতে শমীকের ব্যাখ্যা, ‘বিশেষ পরিস্থিতির’ কারণে যে সুখেন্দু–সুস্মিতা–প্রকাশকে দলে নিয়ে টিকিট দিতে হয়েছে, তা বিজেপির পুরোনো নেতা–কর্মীরা নিশ্চয়ই বুঝতে পারবেন।
#westbengalnews24 #sukhendusekharroy #SamikBhattacharya