
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করলেই গুনতে হবে ৫০০ টাকা জরিমানা, কড়া অবস্থানে পূর্ব রেল
নিজস্ব প্রতিবেদন, শিয়ালদা: ট্রেনে অবাধে বিনা টিকিটে ভ্রমণের দিন এবার শেষ হতে চলেছে। রেলের রাজস্ব ক্ষতি রুখতে এবং যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। এখন থেকে বিনা টিকিটে ধরা পড়লে যাত্রীদের ২৫০ টাকার পরিবর্তে দিতে হবে ৫০০ টাকা জরিমানা। শিয়ালদা ডিভিশনসহ হাওড়া ও মালদা ডিভিশনেও এই নতুন নিয়ম কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে, শিয়ালদা ডিভিশনের বিভিন্ন স্টেশনে এবং চলন্ত ট্রেনে রেলের পক্ষ থেকে লাগাতার টিকিট চেকিং অভিযান চালানো হয়। তবুও এক শ্রেণির যাত্রী নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বিনা টিকিটে যাতায়াত করছেন। প্ল্যাটফর্ম হোক বা ট্রেনের ভেতর—টিটিই-দের দেখলেই বহু যাত্রীর টিকিট না থাকার ছবি প্রায়শই ধরা পড়ে। রেলের এই বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি রুখতেই জরিমানার অঙ্ক দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই শিয়ালদা ডিভিশনের একাধিক স্টেশনে মাইকিং বা পাবলিক অ্যাড্রেস (PA) সিস্টেমের মাধ্যমে নিয়মিত ঘোষণা করা হচ্ছে। যাত্রীদের সতর্ক করে বলা হচ্ছে, তারা যেন কাউন্টার বা অ্যাপ থেকে বৈধ টিকিট কেটে তবেই ট্রেনে ওঠেন। রেল কর্তৃপক্ষের স্পষ্ট বার্তা, বিনা টিকিটে যাত্রা করলে আগের মতো আর মাত্র ২৫০ টাকা দিয়ে পার পাওয়া যাবে না, এখন থেকে পকেট থেকে খসবে ৫০০ টাকা।
রেল সূত্রে খবর, শুধুমাত্র জরিমানা বৃদ্ধিই নয়, আগামী দিনে টিকিটহীন যাত্রীদের রুখতে প্রতিটি স্টেশনে এবং গুরুত্বপূর্ণ ট্রেনগুলোতে চেকিং অভিযানের পরিধি আরও বাড়ানো হবে। যাত্রীদের কাছে কর্তৃপক্ষের বিনীত অনুরোধ, অনভিপ্রেত ঝামেলা এড়াতে এবং রেলের নিয়ম মেনে সুন্দর যাত্রাপথ নিশ্চিত করতে টিকিট কেটেই ট্রেনে ভ্রমণ করুন। সুব্রত রায় রিপোর্ট BMG News Bangla উত্তর 24 পরগনা।