
আজ বিশ্ব পরিবেশ দিবস। গোটা দেশ তথা রাজ্য জুড়ে পালিত হচ্ছে পরিবেশ রক্ষার শপথ। ঠিক এই দিনে ভারতীয় রেলের পক্ষ থেকে হাবরা স্টেশনে নেওয়া হলো এক বিশেষ অভিযান। পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে আজ হাবরা স্টেশনে নেমেছে রেলের বিশেষ দল। স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দিতে এদিন খোদ হাবরা স্টেশনের স্টেশন মাস্টারকেই দেখা গেল ঝাড়ু হাতে সাফাই অভিযানে নেমে পড়তে। তাঁর এই কর্মকাণ্ডে সামিল হয়েছেন হাবরা স্টেশনের স্বাস্থ্য পরিদর্শক, আরপিএফ ও জিআরপি জওয়ানরা। কেবল সাফাই অভিযান নয়, রেলের পক্ষ থেকে এদিন যাত্রীদের জন্য দেওয়া হয়েছে বিশেষ বার্তা। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। ট্রেনের কামরা বা স্টেশন চত্বরে পান কিংবা গুটখার পিক না ফেলে নিজের চারপাশের এলাকাকে পরিচ্ছন্ন রাখার আর্জি জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। আজকের এই কর্মসূচিতে বৃক্ষরোপণের মাধ্যমেও পরিবেশ রক্ষার অঙ্গীকার নিলেন রেল কর্মীরা। স্টেশন চত্বরের বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে তাঁরা বার্তা দিলেন একটি গাছ একটি প্রাণ। রেলের এই সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নিত্যযাত্রীরা। পরিবেশ আমাদের প্রাণ। তাই স্টেশন থেকে নিজ এলাকা—সবুজ ও পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
সব ধরনের খবরের আপডেট পেতে চোখ রাখুন BMG News Bangla-য়।