ভেটাগুড়ির পর এবার কৃষিমেলা এলাকায় চুরি, সারের দোকান থেকে নগদ টাকা ও গ্যাস সিলিন্ডার উধাও
দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি বাজারে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চুরির ঘটনা ঘটল দিনহাটা শহর সংলগ্ন কৃষিমেলা এলাকায়। বুধবার গভীর রাতে এলাকার একটি সারের দোকানে চোরের হানা দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, ব্যবসায়ী বরুণ ঘোষের সারের দোকানে ঢুকে দুষ্কৃতীরা একটি গ্যাস সিলিন্ডার, নগদ প্রায় ৪ হাজার টাকা এবং অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন দোকান মালিক।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। পরপর চুরির ঘটনায় এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।