ফুটপাতে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে কাটোয়া স্টেশন রোডে ধুন্ধুমার, হাতাহাতিতে উত্তপ্ত এলাকা:-
নিজস্ব সংবাদদাতা,কাটোয়া, বুধবার:
পথচারীদের জন্য নির্ধারিত ফুটপাতে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের স্টেশন রোডে বুধবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একটি ইলেকট্রনিক শপিং মলের নীচে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা প্রায় ১টা নাগাদ এক ব্যক্তি একটি বই-খাতার দোকানের সামনে ফুটপাতের উপর গাড়ি দাঁড় করান। দোকানদার গাড়িটি সরিয়ে দেওয়ার পর বিষয়টি নিয়ে দোকানদারের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই উভয় পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা, গালিগালাজ এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, কাটোয়া পৌরসভা পথচারীদের নিরাপদ চলাচলের সুবিধার জন্য স্টেশন রোড ও কাছারি রোডে, টেলিফোন ময়দান, সার্কাস ময়দান ফুটপাত নির্মাণ করলেও বর্তমানে সেই ফুটপাতের বড় অংশই বিভিন্নভাবে দখল হয়ে রয়েছে। কোথাও ব্যবসায়িক সামগ্রী, কোথাও আবার গাড়ি পার্কিংয়ের কারণে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এর জেরে প্রায়ই সাধারণ মানুষের সঙ্গে দোকানদার বা গাড়িচালকদের বচসা ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
সচেতন নাগরিকদের দাবি, শহরের ফুটপাত অবিলম্বে দখলমুক্ত করা, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া জরুরি। তাঁদের মতে, সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
#cctv #katwa