
প্রধানের পদত্যাগের দাবিতে ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতে তালা, বিক্ষোভে উত্তপ্ত এলাকা
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা:
দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান ও সদস্যদের অনুপস্থিতি এবং তীব্র জল যন্ত্রণার সমস্যা সমাধানের দাবিতে উত্তপ্ত হয়ে উঠল ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত চত্বর। সোমবার স্থানীয় বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উদ্যোগে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে তীব্র বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
এলাকাবাসীর অভিযোগ, পঞ্চায়েত প্রধান অমল দাস, উপপ্রধান নুরুল হক এবং একাধিক পঞ্চায়েত সদস্য দীর্ঘদিন ধরে নিয়মিত অফিসে আসেন না। এর ফলে চরম নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে ছোট জাগুলিয়া অঞ্চলের প্রধান সমস্যা জল যন্ত্রণা। প্রতি বছর বর্ষা এলেই বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে, অথচ নিকাশি ব্যবস্থা উন্নয়নের দিকে কোনও নজর দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
স্থানীয় বিজেপি বারাসাত মণ্ডল চার-এর নেতৃত্ব জানিয়েছেন, প্রধান ও সদস্যদের অনুপস্থিতির বিষয়টি এর আগেও লিখিতভাবে পঞ্চায়েত সচিব মৌসুমী চক্রবর্তী এবং বারাসাত ব্লক বিডিও অফিসকে জানানো হয়েছিল। কিন্তু কোনও সুরাহা না মেলায় এদিন বিক্ষুদ্ধ জনতা ও কর্মীরা পঞ্চায়েত অফিসে চত্বরে জড়ো হন। দীর্ঘক্ষণ প্রধানের অপেক্ষার পর তিনি অফিসে উপস্থিত না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী এবং পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন।
খবর পেয়ে দত্তপুকুর থানা ও বামুনগাছি ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশের উপস্থিতিতেই পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ চলতে থাকে। এদিকে, অবিলম্বে বর্তমান পঞ্চায়েত প্রধান ও সদস্যদের পদত্যাগ করে নতুন বোর্ড গঠনের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। পাশাপাশি, দ্রুত সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। Buro report BMG News Bangla উত্তর ২৪ পরগনা