
সুবর্ণরেখা নদীর প্রবল জলের তোড়ে ভেঙে গেল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল এবং নয়াগ্রাম ব্লকের মধ্যে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেয়ার ওয়েদার সেতু বা অস্থায়ী সেতুটি।
সুবর্ণরেখার জলের তোড়ে ভাসল ফেয়ার ওয়েদার সেতু, বিচ্ছিন্ন ঝাড়গ্রামের সাঁকরাইল ও নয়াগ্রাম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে নদীর জলস্তর আচমকাই বেড়ে যাওয়ায় জলের প্রবল স্রোত তৈরি হয় সুবর্ণরেখায়। জলের সেই বিপুল চাপ সহ্য করতে না পেরেই ভেঙে যায় সেতুটি। নয়াগ্রাম ও সাঁকরাইলের গড়ধরার বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ছিল এটি।
সেতু ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নয়াগ্রামের বিস্তীর্ণ অংশের মানুষ। প্রতিদিন স্কুল-কলেজের পড়ুয়া, দিনমজুর, ব্যবসায়ী থেকে শুরু করে জরুরি চিকিৎসার জন্য রোগীদের এই পথ দিয়েই যাতায়াত করতে হয়। সেতু না থাকায় এখন নদী পারাপারের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে নৌকা, যা ভরা নদীতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যথায়, অনেকটা পথ ঘুরে দীর্ঘ সময় ব্যয় করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে সাধারণ মানুষকে।
এর ফলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই ব্লকের সড়ক যোগাযোগ ব্যবস্থা। চরম দুর্ভোগের মুখে পড়েছেন এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ। নয়াগ্রাম ব্লকের বাসিন্দাদের কাছে এই সেতুটি আক্ষরিক অর্থেই ছিল এলাকার 'লাইফলাইন'।
স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, প্রতি বছর বর্ষার সময় সুবর্ণরেখার জল বাড়লেই এই অস্থায়ী সেতুর একই পরিণতি হয়। দীর্ঘকাল ধরে এখানে একটি স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। প্রশাসন পরিস্থিতি সামাল দিতে অস্থায়ীভাবে নৌকা চলাচলের ব্যবস্থা করলেও, কবে মিলবে স্থায়ী সমাধান, এখন সেই প্রশ্নই তুলছেন সাঁকরাইল ও নয়াগ্রামের ভুক্তভোগী মানুষজন।