নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। সোমবার রাত প্রায় ৯টা ২৫ মিনিটে পুরুলিয়া মফস্বল থানার ভাংড়া মোড় এলাকা থেকে ওই ব্যক্তিকে ধরা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শেখ জবির ওরফে শেখ জাবরা (৪০)। তাঁর বাড়ি হুটমুড়া গ্রামে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র (ওয়ান-শটার) এবং একটি ৮ মিমি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ঘটনার জেরে পুরুলিয়া মফস্বল থানায় অস্ত্র আইনের ২৫(১)(এ)/২৭ ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত চলছে।