*প্রয়াত কোচবিহার বিজেপির প্রথম সাধারণ সম্পাদক এবং দ্বিতীয় সভাপতি তথা বিশিষ্ট শিক্ষক হরিপদ পাল*
১৯৩৯ সালের ৫ জানুয়ারি অবিভক্ত বাংলার খুলনা জেলার বাগেরহাটে জন্মগ্রহণ করেন হরিপদ পাল। মালদায় বি.টি. পড়ার সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সংস্পর্শে আসেন।
কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে। প্রথমে তুফানগঞ্জের এন.এন.এম. হাই স্কুলে এবং পরে কোচবিহারের রামভোলা হাই স্কুলে শিক্ষকতা করেন। ১৯৯৮ সালে রামভোলা হাই স্কুল থেকেই অবসর গ্রহণ করেন।
শিক্ষকতার পাশাপাশি কোচবিহারে জনসংঘ ও বিজেপির সংগঠন গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৬৭ সালে কোচবিহারে জনসংঘের কার্যক্রম শুরু করার ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। ১৯৬৯ সালে জনসংঘের প্রার্থী হিসেবে এবং ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিজেপির প্রার্থী হিসেবে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তিনি কোচবিহার জেলায় বিজেপির প্রথম সাধারণ সম্পাদক এবং ১৯৯২ সালে দ্বিতীয় জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলা, ইংরেজি, উর্দু, আরবি ও সংস্কৃত ভাষায় সমান পারদর্শী ছিলেন তিনি।
#CoochbeharNews
#coochbeharbjp